শি-পুতিন বৈঠকের একদিন আগে চীনা জাহাজে ভয়াবহ হামলা রাশিয়ার

অনলাইন ডেস্ক

কৃষ্ণ সাগরে দুটি জাহাজে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে একটি চীনের মালিকানাধীন কার্গো জাহাজ।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের একদিন আগে এই হামলার ঘটনা ঘটল।

ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারের হামলায় দুটি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং অন্যটি গিনি-বিসাউয়ের পতাকাবাহী ছিল। উভয় জাহাজই ওডেসা অঞ্চলের বন্দরের দিকে যাচ্ছিল।

ইউক্রেনীয় নৌবাহিনী জানায়, হামলার শিকার জাহাজগুলোর একটি চীনা মালিকানাধীন কার্গো জাহাজ কেএসএল দেইয়াং, যা মার্শাল দ্বীপপুঞ্জের পতাকায় চলাচল করছিল। এতে চীনা নাবিকরা অবস্থান করছিলেন। জাহাজটির একটি ছবি প্রকাশ করেছে নৌবাহিনী। ছবিতে জাহাজটির নাম এবং আংশিকভাবে আগুনে পুড়ে যাওয়া একটি অংশ দেখা যায়।

চার বছর আগে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর থেকে রাশিয়া নিয়মিতভাবে ওডেসা বন্দরের আশপাশে বেসামরিক জাহাজে হামলা চালিয়ে আসছে। ইউক্রেনের কৃষিপণ্য রফতানির জন্য ওডেসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক কেন্দ্র।

এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ড্রোনগুলো ওডেসায় আঘাত হেনেছে এবং একটি মানববিহীন আকাশযান (ইউএভি) চীনের মালিকানাধীন জাহাজে আঘাত করেছে। সমুদ্রে কোন জাহাজটি ছিল, তার পরিচয় সম্পর্কে রুশদের অজ্ঞ থাকার সুযোগ নেই।

ইউক্রেনীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানান, জাহাজটির সব নাবিকই চীনা নাগরিক। তাদের কেউই অবশ্য হামলায় আহত হননি। চীনা মালিকানাধীন জাহাজটি পরে তার যাত্রা অব্যাহত রাখে।

বার্তাসংস্থা রয়টার্সকে একটি সূত্র জানায়, হামলার সময় দেইয়াং জাহাজটিতে কোনও পণ্য ছিল না। এটি ওডেসা অঞ্চলের পিভদেননি বন্দরে লৌহ আকরিকের ঘনীভূত খনিজ বোঝাই করতে যাচ্ছিল। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights