শিক্ষককে লাঞ্ছিত করার মামলায় কৃষকলীগ নেত্রী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জেলা কৃষকলীগ নেত্রী সামসাদ রানুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল বুধবার রাতে পৌর এলাকার এরশাদপুর চাতাল মোড়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তিনি চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের মহিলাবিষয়ক সম্পাদক ও আলমডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর (সংরক্ষিত)। এর আগে প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান বাদী হয়ে বুধবার সন্ধ্যায় সামসাদ রানুকে আসামী করে আলমডাঙ্গা থানায় মামলা করেন।

মামলার এজাহারে রবিউল ইসলাম খান অভিযোগ করেছেন, বুধবার সকাল পৌনে ১০টার দিকে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রের মা সামসাদ রানু বিদ্যালয়ে যান। তিনি অন্য শিক্ষকদের সামনে রবিউল ইসলাম খানকে গালিগালাজ করেন এবং চড় মারেন। এক পর্যায়ে জুতা খুলে প্রধান শিক্ষকের দিকে ছুঁড়ে মারেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, প্রধান শিক্ষক মামলা করার পর সামসাদ রানুকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights