আদালতে নিজেদের নির্দোষ দাবি নাসির-তামিমার, সাফাই সাক্ষ্য ১১ আগস্ট

অনলাইন ডেস্ক

আত্মপক্ষ সমর্থনে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা নিজেদের নির্দোষ দাবি করেছেন। এছাড়া ‘অন্যের স্ত্রীকে বিয়ে’ করার অভিযোগে করা মামলায় ন্যায় বিচার চেয়েছেন তারা।

সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে হাজির হয়ে এ দাবি জানান তারা। আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী রাকিব। এসময় বিচারক নাসির ও তামিমার বিরুদ্ধে আনা অভিযোগ ও সাক্ষীর সাক্ষ্যগ্রহণ পড়ে শোনান। জানতে চান তারা দোষী, না নির্দোষ। জবাবে নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। এরপর আদালত সাফাই সাক্ষীর জন্য ১১ আগস্ট দিন ধার্য করেন।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় নাসির তামিমাকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নাসির হোসেন ও তামিমা সুলতানা এবং তামিমার মা সুমি আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই।

২০২২ সালের ২৪ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত নাসির-তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights