শিক্ষা ২০৫০ : মানুষ গড়ার এক নতুন দর্শন

মেজর জেনারেল মোহাম্মদ মাহবুব হায়দার খান, এনডিসি পিএসসি (অব.)

পর্ব-২

মুখস্থ নয়, চিন্তা ও সমস্যা

সমাধানের শিক্ষা

একটি শিশুকে যদি আমরা ১২ বছর ধরে শুধু উত্তর মুখস্থ করতে শেখাই, তাহলে সে পরীক্ষায় ভালো ফল করতে পারে। কিন্তু ২০৫০ সালের পৃথিবী তাকে এমন সব প্রশ্নের মুখোমুখি করবে, যার উত্তর কোনো পাঠ্যবইয়ের শেষ পাতায় লেখা থাকবে না।

তাই ভবিষ্যৎ শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত আমরা কি শিশুদের উত্তর মুখস্থ করাব, নাকি উত্তর খুঁজে নেওয়ার সক্ষমতা তৈরি করব?

তথ্যের অভাব হবে না, প্রয়োজন হবে চিন্তার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এরই মধ্যে বিপুল তথ্য কয়েক মুহূর্তে মানুষের সামনে হাজির করতে পারে। আগামী দিনে এই প্রযুক্তি আরো শক্তিশালী হবে। ফলে কে কত তথ্য মনে রাখতে পারে, সেটি মানুষের সক্ষমতার প্রধান মাপকাঠি হয়ে থাকবে না। বরং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে—কে সঠিক প্রশ্ন করতে পারে, কে তথ্যের সত্যতা যাচাই করতে পারে, কে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারে, কে নতুন ধারণা সৃষ্টি করতে পারে এবং কে বাস্তব জীবনের সমস্যার কার্যকর সমাধান বের করতে পারে। এখানেই আমাদের শিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তনের প্রয়োজন।

শ্রেণিকক্ষ হবে ‘লার্নিং ওয়ান্ডারল্যান্ড’

২০৫০ সালের বিদ্যালয়কে শুধু সারিবদ্ধ বেঞ্চ, ব্ল্যাকবোর্ড আর বক্তৃতানির্ভর শ্রেণিকক্ষ হিসেবে দেখলে চলবে না। বিদ্যালয় হয়ে উঠতে পারে এমন এক ইন্টার‌্যাক্টিভ লার্নিং ওয়ার্ল্ড, যেখানে শেখার সঙ্গে আনন্দ, কৌতূহল, খেলা, অনুসন্ধান ও সৃজনশীলতা একসঙ্গে কাজ করবে। ইতিহাস শুধু তারিখ মুখস্থ করার বিষয় হবে না।

শিক্ষার্থী কোনো ঐতিহাসিক ঘটনার চরিত্রের ভূমিকায় গিয়ে সিদ্ধান্ত নেবে—‘আমি যদি তখন নেতৃত্বে থাকতাম, কী করতাম?’ ভূগোলের শিক্ষার্থী নিজের এলাকার বন্যা, নদীভাঙন বা জলাবদ্ধতার কারণ ও সমাধান খুঁজবে। বিজ্ঞানের শিক্ষার্থী শুধু সূত্র মুখস্থ করবে না; ছোট ছোট পরীক্ষা, মডেল ও প্রকল্পের মাধ্যমে সূত্রের বাস্তব প্রয়োগ দেখবে। গণিত শেখানো যেতে পারে বাজার, কৃষি, ব্যবসা, স্থাপত্য, খেলাধুলা কিংবা ডিজিটাল গেমের বাস্তব সমস্যা দিয়ে। অর্থাৎ পাঠ্যবই থাকবে, কিন্তু জীবনই হবে সবচেয়ে বড় পরীক্ষাগার।

এআই ও রোবট শিক্ষকের প্রতিদ্বন্দ্বী নয়, সহকারী হবে

২০৫০ সালের শিক্ষাব্যবস্থায় এআই ও রোবটের ব্যবহার প্রায় অনিবার্য। তবে প্রযুক্তি যেন শিক্ষককে সরিয়ে না দেয়, বরং শিক্ষকের সক্ষমতা আরো বাড়িয়ে দেয়—এটিই হওয়া উচিত লক্ষ্য। প্রাথমিক ধারণা ব্যাখ্যা, ভাষার উচ্চারণ অনুশীলন, পুনরাবৃত্তি, কুইজ, শিক্ষার্থীর দুর্বলতা শনাক্ত করা কিংবা ব্যক্তিভেদে অতিরিক্ত অনুশীলনের ব্যবস্থা করতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই পাঠকে এনিমেশন, সিমুলেশন, ডিজিটাল গেম কিংবা ইন্টার‌্যাক্টিভ গল্পে রূপান্তর করা সম্ভব হবে। কোনো শিশু একটি বিষয় বুঝতে না পারলে এআই তাকে ভিন্ন পদ্ধতিতে, প্রয়োজন অনুযায়ী বারবার বুঝিয়ে দিতে পারবে। এতে শিক্ষকের মূল্যবান সময়ও বাঁচবে। সেই সময় শিক্ষক দিতে পারবেন সৃজনশীলতা, নৈতিকতা, নেতৃত্ব, দলগত কাজ, আবেগীয় বিকাশ ও মানবিক সম্পর্ক তৈরিতে। আমাদের মূলনীতি হওয়া উচিত—‘প্রযুক্তি সহায়তা করবে, শিক্ষক অনুপ্রেরণা দেবেন।’
ভুল করার স্বাধীনতা চাই

আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় অনেক শিশু ভুল উত্তর দিতে ভয় পায়। অথচ আবিষ্কার ও উদ্ভাবনের ইতিহাস মূলত চেষ্টা, ভুল, সংশোধন এবং আবার চেষ্টা করার ইতিহাস। তাই ভবিষ্যতের শ্রেণিকক্ষে শিক্ষক শুধু জিজ্ঞেস করবেন না, ‘তোমার উত্তর কী?’ তাকে আরো জিজ্ঞেস করবেন—‘তুমি এমনটি ভাবলে কেন?’ একজন শিক্ষার্থীর উত্তর ভুল হতে পারে, কিন্তু তার চিন্তার পদ্ধতিতে নতুনত্ব থাকতে পারে। সেই চিন্তাকে উৎসাহিত করাই হবে শিক্ষকের অন্যতম দায়িত্ব। শিশুর মনে এই বিশ্বাস তৈরি করতে হবে—ভুল করা অপরাধ নয়, ভুল থেকে না শেখাই আসল সমস্যা।

পরীক্ষা থাকবে, কিন্তু পরীক্ষাই শিক্ষা নয়

একজন শিক্ষার্থীর সক্ষমতা শুধু তিন ঘণ্টার লিখিত পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা যথেষ্ট নয়। শিক্ষা ২০৫০-এ মূল্যায়নের অংশ হতে পারে প্রকল্প, গবেষণা, উপস্থাপনা, দলগত কাজ, সমস্যা সমাধান, সৃজনশীল কাজ, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও সামাজিক উদ্যোগ। একটি শিশু গণিতে দুর্দান্ত, আরেকজন সংগীতে। কেউ বিজ্ঞানমনস্ক, কেউ নেতৃত্বে অসাধারণ, আবার কেউ মানুষের কষ্ট বুঝতে বিশেষভাবে সক্ষম। শিক্ষাব্যবস্থার দায়িত্ব সবাইকে একই ছাঁচে ঢেলে দেওয়া নয়, বরং প্রত্যেকের অন্তর্নিহিত শক্তি খুঁজে বের করে তা বিকশিত করার সুযোগ তৈরি করা।

স্থানীয় সমস্যাই হোক শিক্ষার্থীর গবেষণার বিষয়

গ্রামের বিদ্যালয়ের শিক্ষার্থীকে গ্রামের সমস্যার সঙ্গে এবং শহরের শিক্ষার্থীকে শহরের সমস্যার সঙ্গে যুক্ত করা যেতে পারে। কিভাবে এক একর জমিতে উৎপাদন বাড়ানো যায়? কিভাবে কৃষিপণ্যের অপচয় কমানো যায়? কিভাবে গ্রামের বর্জ্য সম্পদে পরিণত হতে পারে? কিভাবে শহরের জলাবদ্ধতা কমানো যায়? কিভাবে একটি ক্ষুদ্র ব্যবসার উৎপাদন খরচ কমানো যায়? এসব হতে পারে শিক্ষার্থীদের গবেষণা ও প্রকল্পের বিষয়। তখন শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি হয়ে থাকবে না, শিক্ষা হয়ে উঠবে সমাজ ও অর্থনীতির সমস্যা সমাধানের শক্তি।

আনন্দের সঙ্গে উৎকর্ষ ও দায়িত্ববোধ

আমাদের লক্ষ্য শুধু ‘আনন্দময় শিক্ষা’ নয়, এর সঙ্গে থাকতে হবে শিক্ষাগত উৎকর্ষ ও দায়িত্ববোধ। একজন শিক্ষার্থী বিশ্বমানের বিজ্ঞানী, প্রকৌশলী, চিকিৎসক বা উদ্যোক্তা হবে—এটি আমাদের প্রত্যাশা। কিন্তু একই সঙ্গে তাকে হতে হবে সৎ, সহমর্মী, দায়িত্বশীল এবং মানবকল্যাণে নিবেদিত মানুষ।

তাই শিক্ষা ২০৫০-এর দর্শনকে একবাক্যে বলা যায়—‘Think Globally, Learn Joyfully, Solve Locally, Serve Humanity.’ আমাদের শিশুরা পৃথিবীকে জানবে, আনন্দের সঙ্গে শিখবে, নিজের দেশের সমস্যা সমাধানের চেষ্টা করবে এবং অর্জিত জ্ঞান মানবতার কল্যাণে কাজে লাগাবে।

তবেই শিক্ষা শুধু ভালো পরীক্ষার্থী বা দক্ষ কর্মী তৈরি করবে না—তৈরি করবে চিন্তাশীল, সৃজনশীল, নৈতিক ও দায়িত্বশীল মানুষ। আর মানুষ গড়াই তো শিক্ষার চূড়ান্ত সার্থকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights