আইআরজিসির সঙ্গে যোগসূত্রের অভিযোগে হিজবুল্লাহর ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরসের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কের অভিযোগে হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সংগঠনটিকে আবারও ‘স্পেশালি ডিজিগনেটেড গ্লোবাল টেররিস্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন।

মার্কিন প্রশাসনের দাবি, হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং ইরানি রেভল্যুশনারি গার্ড কোরসের কুদস ফোর্সের নির্দেশনায় ইরানি সরকারের হয়ে কাজ করছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিষেধাজ্ঞার আওতায় ১০ ব্যক্তিকেও রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে হিজবুল্লাহর জন্য বিপুল পরিমাণ নগদ অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই অর্থ পাচার নেটওয়ার্কের সদস্যরা বাণিজ্যিক উড়োজাহাজে লেবানন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে যাতায়াত করে। এভাবে তারা শত শত কোটি ডলার পর্যন্ত অর্থ স্থানান্তর করে থাকতে পারে বলে ধারণা করছে ওয়াশিংটন।

মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, এই কুরিয়ার নেটওয়ার্কের মাধ্যমে স্থানান্তরিত অর্থ অঞ্চলজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করতে ব্যবহৃত হয়।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে প্রথম হিজবুল্লাহকে ‘ফরেন টেররিস্ট অর্গানাইজেশন’ হিসেবে তালিকাভুক্ত করে। এবারের পদক্ষেপ সংগঠনটির বর্তমান কার্যক্রম ও ইরানের সঙ্গে এর সম্পর্ককে লক্ষ্য করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের ঘোষণার পরই হিজবুল্লাহর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা এলো। এর আগে ইরানকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করতে একটি ‘বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ শুরুর ঘোষণা দিয়েছিল ওয়াশিংটন।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights