শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

শিক্ষার উন্নয়ন ও মেধাবীদের সহায়তা দিতে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করে তিনি এ কথা বলেন। এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ– এই দুই গ্রেডে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, জুনিয়র বৃত্তি পরীক্ষায় যারা বৃত্তি অর্জন করেছে, তাদের সবাইকে অভিনন্দন। শিক্ষার্থীরা দেশের গর্ব, ভবিষ্যতের সম্ভাবনা। এ বৃত্তি শুধু একটি পুরস্কার নয়, এটি মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। আমি আশা করি, এ শিক্ষার্থীরা আগামী দিনে দেশের উন্নয়নে, জ্ঞানচর্চা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষক-অভিভাবকদের অভিনন্দন জানিয়ে এহছানুল হক মিলন বলেন, শিক্ষক-অভিভাবকদের উৎসাহ ও পরিশ্রম ছাড়া শিক্ষার্থীদের এ সাফল্য সম্ভব হতো না। সরকার শিক্ষার উন্নয়নে ও মেধাবি শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিতে যাচ্ছে, যা শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করি।

প্রকাশিত ফলাফল পর্যালোচনায় দেখা যায়, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ড থেকে সারা দেশে মোট ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে নির্বাচিত হয়েছে ৪৬ হাজার ২০০ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৪ হাজার ৭০০ এবং সাধারণ ক্যাটাগরিতে পেয়েছে ৩১ হাজার ৫০০ জন।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৪৫০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা করে পাবে। এ বৃত্তির টাকা দুই বছর (নবম-দশম) পর্যন্ত দেওয়া হবে। এছাড়া, তাদের বছরে এককালীন অর্থও দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights