শিরোপার মঞ্চে পেশাওয়ার-হায়দরাবাদ, কার হাতে উঠবে ট্রফি?

স্পোর্টস ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের পর্দা নামছে আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পেশাওয়ার জালমি ও প্রথমবারের মতো অংশ নেওয়া হায়দরাবাদ কিংসম্যান। একদিকে বাবর আজমের ইতিহাস গড়ার সম্ভাবনা ও বাংলাদেশের নাহিদ রানার গতি, অন্যদিকে চমক দেখিয়ে ফাইনালে ওঠা হায়দরাবাদের স্বপ্ন; সব মিলিয়ে জমজমাট লড়াইয়ের অপেক্ষা।

পুরো টুর্নামেন্টে দাপট দেখানো পেশাওয়ার ফেভারিট হিসেবেই মাঠে নামছে। এর আগে চারবার ফাইনাল খেলে একবার শিরোপা জিতেছে দলটি। কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।

ব্যাটিংয়ে পেশাওয়ারের বড় শক্তি বাবর আজম (৫৮৮ রান) ও কুশল মেন্ডিস (৫৪১ রান)। বোলিংয়ে রয়েছেন সুফিয়ান মুকিম, তিনি নিয়েছেন সর্বোচ্চ ২১ উইকেট। বাবর আজম আর মাত্র এক রান করলেই এক আসরে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়বেন।

পেশাওয়ারের জন্য বড় স্বস্তি নাহিদ রানার দলে ফেরা। নিউজিল্যান্ড সিরিজের জন্য মাঝপথে ফিরে গেলেও বিশেষ অনুমতিতে ফাইনালের আগে আবার দলে যোগ দিয়েছেন তিনি। চার ম্যাচে ৭ উইকেট নেওয়া এই তরুণ পেসার তার গতি ও নিয়ন্ত্রণে ইতিমধ্যেই নজর কাড়েন।

অন্যদিকে, হায়দরাবাদের ফাইনালে ওঠার গল্প যেন রূপকথা। টুর্নামেন্টের শুরুতে টানা চার ম্যাচ হেরে গেলেও পরের আট ম্যাচের সাতটিতে জয় তুলে নিয়ে তারা জায়গা করে নেয় ফাইনালে। দ্বিতীয় এলিমিনেটরে শেষ ওভারে ৬ রান রক্ষা করে হুনাইন শাহর দুর্দান্ত বোলিংয়ে ইসলামাবাদ ইউনাইটেডকে হারায় তারা।

ব্যাটিংয়ে দলের ভরসা উসমান খান, তিনি করেছেন ৩৮১ রান। নেতৃত্বে রয়েছেন মার্নাস লাবুশেন, তিনি প্রথমবার টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেই নজর কেড়েছেন। বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল।

এখন দেখার বিষয়, পেশাওয়ার কি দ্বিতীয় শিরোপা জিতবে, নাকি ইতিহাস গড়ে প্রথমবারের মতো ট্রফি তুলবে হায়দরাবাদ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights