শীত-কুয়াশায় কাহিল কুড়িগ্রামের মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি:
গত তিন দিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। গত ২৪ ঘন্টায় তাপমাত্রা দ্রুত ২ডিগ্রি সেলসিয়াস কমে বেড়েছে শীতের তান্ডব। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে শীত কষ্টে পড়েছেন এ জেলার মানুষজন। গত তিনদিন ধরে দেখা মিলছে না সূর্যেরও। ফলে ঠান্ডার প্রকোপ জেলায় কোনমতেই কমছেনা।

শুক্রবার সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র যা চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।তবে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় ঠান্ডার পরিমাণ দ্বিগুণ বেড়ে গেছে। কনকনে হাঁড় কাঁপানো ঠান্ডায় শীত কষ্টে পড়েছেন হতদরিদ্র,ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষগুলো। অনেকেই পেটের দায়ে বাধ্য হচ্ছেন তীব্র ঠান্ডায় কাজে যেতে। দিনের বেলা কুয়াশার কারনে দুর্ঘটনা রোধে হেড লাইট জ্বালিয়ে যান চলাচল করছে। জেলার জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসমুহে প্রতিদিন তীব্র ঠান্ডার কারনে বিভিন্ন শীতের রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত এক মাস ধরে জেলার তাপমাত্রা কমছে ও বাড়ছে। তবে এ সময়ে ১০ থেকে ১২ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে এ জেলার তাপমাত্রা। শুক্রবার ৯ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। চলতি জানুয়ারি মাসেই ২-৩টি শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights