শেরপুর থেকে কুড়িগ্রামে সার পাচারের চেষ্টা, অতঃপর…
শেরপুর প্রতিনিধি
শেরপুর থেকে কুড়িগ্রাম জেলার রৌমারীতে অবৈধভাবে সার পাচারের চেষ্টাকালে ২৫ বস্তা ইউরিয়া সারসহ একটি ভটভটি আটক করেছেন স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় দুই খুচরা সার বিক্রেতাকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে ২৫ বস্তা ইউরিয়া সার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঝগড়ারচর বাজার থেকে দুটি গাড়িতে করে ২৫ বস্তা ইউরিয়া সার কুড়িগ্রামের রৌমারীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় এলাকাবাসী একটি ভটভটি আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব উল আহসান ঘটনাস্থলে গিয়ে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ক্যাশমেমো ছাড়া সার বিক্রির অভিযোগে ঝগড়ারচর বাজারের খুচরা সার বিক্রেতা মেসার্স সারোয়ার ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
এ ছাড়া মেসার্স হারুন অর রশিদ ট্রেডার্সের পরিচালক চঞ্চল হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার কাছ থেকে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
