শেরপুরে আগুনে প্রাণ গেল দাদি-নাতি

শেরপুর প্রতিনিধি
শেরপুরে অগ্নিকাণ্ডে পুড়ে দাদি-নাতি মারা গেছেন। সোমবার দিবাগত রাতে সদরের কামারের চর ইউনিয়নের পয়েস্তিরচর গ্রামে এ ঘটনা ঘটে। এতে চারটি গরুও পুড়ে মারা গেছে। এ ছাড়া পুড়ে গেছে একটি গোয়াল ঘর ও থাকার ঘর। ধারণা করা হচ্ছে-বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

নিহতরা হলেন-পয়েস্তিরচর গ্রামের আমান উল্লাহ মন্টুর স্ত্রী ফিরোজা বেগম (৭০) এবং তার সাত বছর বয়সি নাতি শরিফ মিয়া। ফিরোজা বেগম ওই ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার ছিলেন।

স্থানীয়রা জানান, বসত বাড়ির গোয়াল ঘরে আগুন ধরে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ফিরোজা বেগম গোয়াল ঘরে গরু বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে গুরুতর আহত হন। অন্যদিকে শিশু শরিফ মিয়া ঘরের ভেতরে দগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শরিফের লাশ উদ্ধার করে।
এদিকে, আশঙ্কাজনক অবস্থায় ফিরোজাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

শেরপুর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ পরিদর্শক দেলায়ার হোসেন বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তদন্ত করে বিষয়টি পরিষ্কার করা হবে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights