শৈলকুপায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে অন্তর হোসেন (১৭) নামের এক কিশোরের
মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা
গ্রামে এ ঘটনা ঘটে। মৃত অন্তর হোসেন ওই গ্রামের উজ্জল হোসেনের ছেলে।
মৃতের স্বজনরা জানান, রাতে অন্তর হোসেন নিজ ঘরে ঘুমিয়ে ছিল। রাত
আনুমানিক ১টার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। এ সময় ডান কানে তীব্র ব্যথা
অনুভব করে সে। পরে মাকে ডাকলে তার মা তাকে নাপা ওষুধ খেতে দেন। কিন্তু কানের
ব্যথা না কমায় রাত ৩টার দিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার
অবস্থার অবনতি হয়। এ সময় উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল
কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাত ৪ টার কিছু সময় পর মেডিকেল কলেজ
হাসপাতালের গেটে পৌঁছালে অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা যায় অন্তর হোসেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সাপের
কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
