শোক ভুলতে বিদেশে ছুটলেন বলিউডের ‘শেহজাদা’!

অনলাইন ডেস্ক

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘শেহজাদা’। এর মধ্যেই বেশির ভাগ প্রেক্ষাগৃহ থেকে গুটিয়ে ফেলতে হয়েছে কার্তিক আরিয়ানের ছবিটি। শুধু ব্যর্থই নয়, বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে ‘শেহজাদা’। সমালোচক তো দূরের কথা, দর্শকের মনেও জায়গা করতে পারেনি কার্তিক আরিয়ান ও কৃতি স্যাননের এই ছবি। এর মধ্যেই বিদেশে পাড়ি দিলেন বলিউডের এই প্রজন্মের তারকা। তবে কোনও নতুন ছবির শুটিংয়ে নয়, হোলির একটি অনুষ্ঠানে অংশ নিতেই আমেরিকায় গেলেন কার্তিক।

আমেরিকার ডালাসে এক হোলির অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেল কার্তিক আরিয়ানকে। সেই অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন বহু সংখ্যক ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন কার্তিক। সেখানে দেখা যায়, জনসমুদ্রের মাঝে গাড়ির ছাদে দাঁড়িয়ে আছেন তারকা। পরনে সাদা শার্ট, তাতে হোলি উদযাপনের ছাপ স্পষ্ট। অনুরাগীদের ভিড়ে গাড়ি আটকে যাওয়ায় গাড়ি থেকে নেমে তার ছাদে উঠে পড়েন কার্তিক। সেখান থেকেই অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন তিনি। গাড়ির ছাদেই ‘ভুল ভুলাইয়া ২’-এর গানের তালে পা মেলান পর্দার ‘রুহ বাবা’। অনুরাগীদের মধ্যে হই-হুল্লোড় তখন দেখার মতো। বিদেশি অনুরাগীদের কাছ থেকে এমন ভালবাসা পেয়ে উচ্ছ্বসিত কার্তিক। এত মানুষের ভালবাসা পেয়েছেন, বিশ্বাসই করতে পারছেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে এ কথাই লেখেন কার্তিক।

এই প্রথমবার আমেরিকায় কোনও অনুষ্ঠানে অংশ নিয়েছেন কার্তিক। প্রথমবার আমেরিকায় গিয়ে এতটা ভালবাসা পাবেন, কল্পনাও করতে পারেননি তিনি। ‘‘বিদেশেই দেশি ফিলিং,’’ ভিডিওর নীচে লেখেন কার্তিক। অফুরন্ত ভালবাসার জন্য হাতজোড় করে ডালাসের মানুষের কাছে কৃতজ্ঞতাও জানান বলিউড তারকা। ‘‘এই হোলি উদযাপন সব সময় মনে থাকবে,” লেখেন কার্তিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights