শ্রীমঙ্গলে লোকালয় থেকে বানর উদ্ধার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামনগর মনিপুরী পাড়া থেকে একটি দলছুট বানর উদ্ধার করা হয়েছে। গতকাল ওই এলাকার বাসিন্দা শিমুল তরফদারের বাসা থেকে বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন বানরটিকে উদ্ধার করেন। পরে প্রাণীটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে রাখা হয়।
শিমুল তরফদার বলেন, এই বানরটি প্রায় দুই তিন মাস ধরে এলাকায় ঘুরাফেরা করছে। প্রায়ই মানুষের ঘরবাড়িতে ঢুকে যায়। মানুষের ঘরের জিনিসপত্র ক্ষতি করে। এলাকায় অনেক ছোট ছোট শিশু আছে। আমরা এই বানরটিকে নিয়ে অনেক আতঙ্কে ছিলাম। সকালে বানরটি বাড়িতে এসে ঘরে ঢুকে গেলে আমরা দরজা বন্ধ করে বন বিভাগকে খবর দেই।
পরে বন বিভাগের লোকজন ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে এটি ধরে নিয়ে যান। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বানরটি সুস্থ অবস্থায় রয়েছে। আমরা এটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করে দেব।
