শ্রীমঙ্গলে ৩ হাজার কেজি অবৈধ চা জব্দ, ২ লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিম্নমানের চা প্যাকেটজাত করে অনুমোদনহীন ব্র্যান্ডে বিক্রয়ের অপরাধে তানভীর টি হাউজকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় চা ক্রয়ের বৈধ কাগজপত্র না থাকায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের ৩,০২৫ কেজি অবৈধ চা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৩৫ হাজার টাকা।
আজ শুক্রবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।
এসময় উপস্থিতি ছিলেন চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, চা বোর্ডের (পিডিউ) পরিচালক ড. রফিকুল ইসলাম ও ওসি (অপারেশন) তাপস রায়।
মোহাম্মাদ রুহুল আমীন বলেন, ‘এ প্রতিষ্ঠানটি আইন অমান্য করে দীর্ঘদিন ধরে নিলাম বহির্ভুত অবৈধ চা মজুদ এবং বিপণনের সাথে জড়িত। এতে একদিকে অস্বাস্থ্যকর নিম্নমানের চা ভোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। চায়ের অবৈধ ব্যবসা বন্ধে সারাদেশে এ ধরণের অভিযান চলমান থাকবে।’
