শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের

অনলাইন ডেস্ক

এশিয়ান গেমস হকি বাছাইপর্বে জয় দিয়ে শুরু করার পর দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। চায়নিজ তাইপেকে হারানোর একদিন পরই শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচটি হয়েছে রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে। সেখানে শুরু থেকেই ছন্দে ছিল শ্রীলঙ্কা, আর বাংলাদেশকে খেলতে হয়েছে চাপের মধ্যে।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে ১৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে সমতায় ফেরান আশরাফুল ইসলাম। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে তারা। ১৬ মিনিটে কুশল উইরাপ্পুলির গোলে আবারও এগিয়ে যায় লঙ্কানরা।

তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ৩১ থেকে ৩৬ মিনিটের মধ্যে দুটি পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি দলটি। ফলে সমতায় ফেরা হয়নি।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। তবে গোল শোধ করার আগেই আরও একটি গোল হজম করে ব্যবধান বাড়িয়ে নেয় শ্রীলঙ্কা। শেষদিকে আমিরুল ইসলামের গোল ব্যবধান কমালেও হার এড়ানো যায়নি।

এই হারের ফলে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ৬ এপ্রিল উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা।

এবারের বাছাইপর্বে মোট নয়টি দল অংশ নিচ্ছে। সেখান থেকে শীর্ষ ছয় দল জায়গা করে নেবে এশিয়ান গেইমের মূল পর্বে। আগামী ১০ এপ্রিল শেষ হবে এই বাছাইপর্ব।

উল্লেখ্য, এশিয়ান গেমসে এখন পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ হকি দল। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ আসরে ষষ্ঠ হওয়াই তাদের সর্বোচ্চ সাফল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights