সংসদ ভবনে ‘রঙ তুলিতে জুলাই ২৪’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অনলাইন ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
বুধবার (৫ আগস্ট) সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে ‘রঙ তুলিতে জুলাই ২৪’ শীর্ষক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। দুইটি গ্রুপে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম গ্রুপে ৫ থেকে ৮ বছর এবং দ্বিতীয় গ্রুপে ৮ বছরের বেশি থেকে ১২ বছর বয়সী শিশুরা অংশগ্রহণ করে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
শওকত আরা আক্তার বলেন, জুলাই আমাদের চেতনা, আমাদের অনুপ্রেরণা। আজকের প্রতিযোগিতায় শিশুদের রং তুলিতে জুলাইয়ের চিত্র ফুটে উঠেছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে তারা কীভাবে জুলাইকে ধারণ করছে, তা ফুটে উঠেছে। এর মাধ্যমে পরবর্তী প্রজন্ম জুলাই সম্পর্কে জানতে পারবে।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
