সংস্কারের অভাবে বেহাল নাঙ্গলকোট-বাঙ্গড্ডা সড়ক, দুর্ভোগ চরমে
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গুরুত্বপূর্ণ নাঙ্গলকোট-শ্রীফলিয়া-বাঙ্গড্ডা সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশে সামান্য বৃষ্টিতেই পানি জমে সৃষ্টি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো যাত্রী, শিক্ষার্থী ও পণ্যবাহী যানবাহনের চালকরা।
উপজেলা সদর থেকে শ্রীফলিয়া বাজার হয়ে বাঙ্গড্ডা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে টেন্ডারের মাধ্যমে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলেও এরপর আর কোনো বড় ধরনের সংস্কার করা হয়নি। ফলে সময়ের ব্যবধানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে শ্রীফলিয়া বাজার থেকে কৈয়া উত্তরপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরফিন আক্তার হাবিবা, খাদিজা আক্তার ও মোজাম্মেল হোসেন জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। সামান্য বৃষ্টি হলেই রাস্তার গর্তগুলো পানিতে ভরে যায়। তখন চলাচল করা খুবই কষ্টকর হয়ে যায়।
পথচারী মাস্টার ইয়াকুব আলী বাবুল ও মাওলানা ফজলুল হক মিয়াজী জানান, সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় এবং বৃষ্টির সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
নাঙ্গলকোট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী অহিদুল ইসলাম শিকদার জানান, ‘সড়কটি মেরামতের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান বলেন, ‘সড়কটি আমাদের নজরে রয়েছে। মেরামতের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।’
