সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, ফের লড়বেন নির্বাচনে

অনলাইন ডেস্ক

স্প‍্যানিশ ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পদত‍্যাগ করেছেন হুয়ান লাপোর্তা। আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে তার দীর্ঘ দিনের প্রতিপক্ষ ভিক্তর ফন্ত ছাড়াও থাকবেন কয়েকজন প্রতিদ্বন্দ্বী।

বার্সেলোনা এক বিবৃতিতে লাপোর্তার পদত‍্যাগের খবর জানায়। আগামী সাড়ে তিন মাস ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন ভাইস-প্রেসিডেন্ট রাফা ইয়ুস্তে। ২০২১ সালের মার্চের নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে বার্সেলোনার প্রেসিডেন্ট হন লাপোর্তা। প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনের পর সরে দাঁড়ালেন এই আইনজীবী। ব‍্যালটের লড়াইয়ে জিতে আগামী ১ জুলাই ফের প্রেসিডেন্টের ভূমিকায় ফিরতে পারেন লাপোর্তা। ফন্তের বিপক্ষে তাকেই ফেভারিট হিসেবে দেখা হচ্ছে।

প্রাপ্ত বয়স্ক এবং অন্তত এক বছর সদস‍্যপদ আছে এমন প্রায় এক লাখ বার্সেলোনা সদস‍্য এবার ভোট দিতে পারবেন। স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা জানিয়েছে, বেশ কয়েকটি ভেন‍্যুতে হবে এবারের নির্বাচন। পোলিং স্টেশন হবে ক্লাবের ফ‍্যাসিলিটজ এবং কাতালান প্রাদেশিক রাজধানী জিরোনা, তাররাগোনা ও ইয়েইদা এবং আন্দোরা লা ভেইয়ায়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আবেদন করলেও ক্লাব বলেছে, এবার পোস্টাল ভোটের সুযোগ নেই। ২০২১ নির্বাচনে এই সুযোগ দেওয়া হয়েছিল করোনাভাইরাস মহামারীর জন‍্য। সেবার ৫৫ হাজার ভোটারের মধ‍্যে ২০ হাজারের বেশি মানুষ পোস্টাল ভোট দিয়েছিলেন।

লাপোর্তার এবারের মেয়াদে বার্সেলোনা ফরাসি ক্লাব পিএসজির কাছে হারায় তাদের ইতিহাসের সফলতম খেলোয়াড় লিওনেল মেসিকে। পালাবদলের মধ‍্য দিয়ে যাওয়া ক্লাবটি পরিণত হয়েছে কেবল লা লিগা ও কোপা দেল রের শিরোপা ধরের রাখার জন‍্য লড়াই করা দল হিসেবে। ইউরোপে নিজেদের খুঁজে ফেরা দলটি গত বছর খেলে চ‍্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে।

আড়াই বছর পর সম্প্রতি কাম্প নউয়ে ফিরেছে বার্সেলোনা। যদিও স্টেডিয়ামটির সংস্কারের কাজ শেষ হয়নি এখনও। তবে ঘরের মাঠে ফেরাটা আশার প্রতীক দলটির জন‍্য। আক্রমণাত্মক ফুটবলে হান্সি ফ্লিক মাঠেও মন জয় করে নিয়েছেন ভক্তদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights