মুন্সীগঞ্জে পাইপগানসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে টংগীবাড়ী উপজেলার হাসাইল (ইসলামপুর) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন—মুন্সীগঞ্জ সদর উপজেলার কংশপুরা (মোল্লাকান্দী) এলাকার দীন ইসলামের ছেলে মো. রাজিব সরকার (২৬) এবং টংগীবাড়ী উপজেলার হাসাইল ইসলামপুর এলাকার শাহ আলম কাজীর ছেলে মো. রনি কাজী (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল টংগীবাড়ী থানাধীন হাসাইল (ইসলামপুর) এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে শাহ আলম কাজীর ছেলে রনি কাজীর বসতঘর থেকে একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি পাইপগান এবং মোটরসাইকেলের ডিস্ক ব্রেক ও মেটাল পাইপ দিয়ে তৈরি একটি কুড়াল উদ্ধার করা হয়। পরে ওই ঘর থেকে রাজিব সরকার ও রনি কাজীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া দেশীয় পাইপগানটির কৌণিক দূরত্ব ২৪ ইঞ্চি এবং ডিস্ক ব্রেক ও মেটাল পাইপ দিয়ে তৈরি কুড়ালটির দৈর্ঘ্য ২৯ ইঞ্চি। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights