সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, প্রস্তুত জেলেরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
সমুদ্রে মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা আজ বুধবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে। তাই গভীর সমুদ্রে যাত্রার শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। তবে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে মিল রেখে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ায় এ বছর প্রচুর ইলিশ মিলবে বলে প্রত্যাশা জেলেদের।

মহিপুর আলিপুর আরৎ ঘাট ঘুরে দেখা গেছে, কেউ ট্রলারে রং করছেন, কেউ ট্রলারে জাল তুলছেন, কেউ আবার বরফ কিংবা নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলছেন। মোটকথা যেন দম ফেলার ফুরসত নেই জেলেদের।

জেলে তোফায়েল মিয়া জানান, ভারতের সঙ্গে মিল রেখে এ বছর অবরোধ দেওয়ায় সাগর অনেকটা নিরাপদ ছিল। আশা করছি আমাদের জালে এ বছর প্রচুর পরিমাণে মাছ ধরা পড়বে।

জেলে হোসেন মাঝি জানান, দীর্ঘ ৫৮ দিন একেবারে বেকার ছিলাম। কিছু টাকা ঋণগ্রস্ত হয়েছি। তবে দীর্ঘদিনের দাবি সরকার মেনে নেওয়ার কারণে আশা করছি এবছর ভালো পরিমাণে মাছ পাবো।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, অবরোধ শতভাগ সফল হওয়ায় মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে। জেলেরা তাদের কাঙ্খিত মাছ শিকার করতে পারবেন বলে আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights