সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করেই বিএনপিকে ভোট দেবে জনগণ : চিফ হুইপ

অনলাইন ডেস্ক
জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই জনগণ পরবর্তী নির্বাচনে ভোট দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

তিনি বলেন, ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে।

বুধবার বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, ৩০ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়া দেশটির ভঙ্গুর অর্থনীতি নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে। এরই মধ্যে বিরোধী পক্ষের লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি দেশ পুনর্গঠনের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। লংমার্চের মাধ্যমে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন আনা সম্ভব নয়।

বিদ্যুৎ সংকটের বিষয়ে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ সংকট কাটাতে সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানীতে আগামী ৩ বছরের জন্য করছাড় দিয়েছেন। আমরা এই সুযোগ কাজে লাগিয়ে কাজ করতে পারলে ১ বছরের ভিতর বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতন ও প্রতিকূলতা মোকাবিলা করে ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে বিএনপি। ভঙ্গুর অর্থনীতি ও নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়ে বর্তমান সরকার দেশকে পুনর্গঠনের চেষ্টা করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সহায়তার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights