সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ভবনে নির্বাচনী প্রশিক্ষণের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।

সরকারের সাথে কমিশন যোগাযোগ রাখছে জানিয়ে সিইসি জানান, নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে। নির্বাচনের কাজ এগিয়ে নেয়ার জন্য কমিশনের কর্মপরিকল্পনা আছে। প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন হবে।

রোডম্যাপ কবে দেবেন এবং সরকারের সঙ্গে যোগাযোগ হচ্ছে কি না, এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সময় আসলে আপনারা সবই জানতে পারবেন। এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না।

তিনি বলেন, যতই আপনি ইসিকে স্বাধীন বলেন না কেন, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব না। কারণ সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে, অফিসার, প্রশাসনের সহায়তা নিতে হবে। সুতরাং সরকার একটা মূখ্য ভূমিকা রাখবে তো নির্বাচনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না।

তিনি বলেন, সরকারের সঙ্গে আমাদের যোগাযোগের যে বিষয়টা প্রতিনিয়ত হচ্ছে বা একদম হচ্ছে না, বিষয়টা এমন না। নির্বাচনের ডেট যথা সময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে নির্বাচনে তফসিল ঘোষণা করবো। সরকারের সঙ্গে এজন্য পরিকল্পনা করে ঘোষণা দিয়ে দেখা করতে হবে এমন না। ফরমালি, ইনফরমালি নানাভাবে যোগাযোগ হতে পারে। আমরা সরকারের ধারে কাছে নাই, একটা দ্বীপে আছি এমন তো না। সংস্কার কমিশনের সুপারিশ আছে, এর মধ্যে ইসি সংস্কার আছে, এর মধ্যে আমরা সম্পৃক্ত তো। এগুলোকে ধারণ করেই এগিয়ে যেতে হবে। সময় হলেই যোগাযোগ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights