সর্ব শক্তি দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত ইরান

অনলাইন ডেস্ক
সর্ব শক্তি দিয়ে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষা করতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই বলেছেন, ইরানি জনগণ নিজেদের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং সব ধরনের শক্তি প্রয়োগ করে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।

ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে দেওয়া বক্তব্যে ইসমাইল বাগেই এসব কথা বলেন। তিনি বলেন, আমরা আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সর্ব শক্তি দিয়ে রক্ষা করতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, গত ৩৭ দিন শুধু নয়, প্রায় পাঁচ দশক ধরেই ইরানিরা দেশপ্রেমিক হিসেবে নিজেদের প্রমাণ করেছে এবং শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত থেকেছে। তার ভাষায়, ‘ইরানিরা অত্যন্ত দেশপ্রেমিক এবং তারা তাদের শত্রুর বিরুদ্ধে প্রতিরোধে প্রস্তুত।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির তীব্র সমালোচনা করেছেন ইসমাইল বাগেই। তিনি বলেছেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জ্বালানি খাতে হামলার হুমকি একটি ‘অপরাধপ্রবণ মানসিকতার প্রকাশ’ এবং এটি সরাসরি ‘যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে উসকানি’।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জ্বালানি খাতে হামলার হুমকি মানে পুরো জনগোষ্ঠীকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। এটি যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ ছাড়া আর কিছুই নয়।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মঙ্গলবার হবে ইরানের জন্য ‘বিদ্যুৎ কেন্দ্র ও সেতু দিবস’। এর মাধ্যমে তিনি ইরানের বিদ্যুৎ স্থাপনা ও সেতুগুলোতে হামলার ইঙ্গিত দিয়েছেন।

এই হুমকির জবাবেই ইরানের পক্ষ থেকে সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানের বার্তা দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights