সাজেকে রবিবার এক দিনের জন্য শিথিল সড়ক অবরোধ
খাগড়াছড়ি প্রতিনিধি
রাঙামাটির সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আগামীকাল রবিবার (১ নভেম্বর) একদিনের জন্য শিথিল করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি ও মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেকের পর্যটন সড়কে তৃতীয় দফায় টানা নয় দিন ধরে চলা অবরোধ কর্মসূচি ১ নভেম্বর এক দিনের জন্য শিথিল থাকবে। তবে পরদিন থেকে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পুনরায় অব্যাহত থাকবে।
এদিকে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন কঠিন চীবর দানোৎসব নির্বিঘ্নে পালনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিশেষ শিথিলতার ব্যবস্থা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে ধর্মীয় প্রতিষ্ঠান ও বৌদ্ধ বিহার কর্তৃপক্ষকে অবরোধকারীদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, পাঁচ দফা দাবিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে তৃতীয় দফায় এ অবরোধ কর্মসূচি চলছে। টানা নয় দিন ধরে চলা এ কর্মসূচিতে সাজেকের পর্যটন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
