সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটায় পর্যটকের উচ্ছ্বাস, ফিরেছে প্রাণচাঞ্চল্য

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
সাপ্তাহিক সরকারি ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়ে আবারও প্রাণ ফিরে পেয়েছে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত। অনুকূল আবহাওয়া ও উত্তাল ঢেউ উপভোগ করতে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। একই সঙ্গে সরগরম হয়ে উঠেছে হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য পর্যটনসংশ্লিষ্ট ব্যাবসাপ্রতিষ্ঠান।

স্থানীয় ও পর্যটন সংশ্লিষ্টরা জানান, বেশ কিছুদিন ধরে বৈরী আবহাওয়ার কারণে পর্যটক অনেকটা কম ছিল। সাপ্তাহিক সরকারি ছুটির দিন শুক্রবার সকাল থেকে পর্যটকদের আনাগোনা বেড়েছে। সৈকতের জোয়ারের পানিতে নেমে শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী ও পরিবারের সদস্যরা জলকেলিতে মেতে ওঠেন। কেউ ঢেউয়ের সঙ্গে খেলা করেছেন, কেউ বালুকাবেলায় হেঁটেছেন, আবার কেউ স্মৃতিময় মুহূর্ত ধরে রাখতে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। অনেককে সৈকতের ভেজা বালু দিয়ে নানা ভাস্কর্য তৈরি করতেও দেখা যায়।

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ, বিচ ম্যানেজমেন্ট কমিটি ও স্বেচ্ছাসেবীরা সৈকতের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে। গভীর সমুদ্রে না যাওয়া এবং নিরাপদ স্থানে গোসল করার জন্য পর্যটকদের নিয়মিত মাইকিং করে সতর্ক করা হয়।
পর্যটকদের পদচারণায় সরগরম হয়ে ওঠে সৈকত সংলগ্ন হোটেল-মোটেল, রেস্তোরাঁ, ঝিনুকের দোকান, স্পিডবোট, বিচ বাইকসহ বিভিন্ন বিনোদনকেন্দ্র। দীর্ঘদিন পর এমন পর্যটক সমাগমে স্বস্তি ফিরেছে পর্যটননির্ভর ব্যবসায়ীদের মাঝে।

পর্যটন সংশ্লিষ্টরা জানান, সাপ্তাহিক ছুটির পাশাপাশি অনুকূল আবহাওয়ার কারণে এবার পর্যটকদের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। আগামী দিনগুলোতেও এমন পর্যটক সমাগম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা পর্যটক মো. ফারুক সিকদার বলেন, সাপ্তাহিক ছুটির সুযোগে কুয়াকাটায় এসেছি। সমুদ্রের উত্তাল ঢেউ, মনোরম আবহাওয়া আর সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। পরিবার-পরিজন নিয়ে দারুণ সময় কাটাচ্ছি। নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় স্বস্তিতে ঘুরতে পারছি।

পর্যটক মোসা. সুমাইয়া বলেন, ছুটির দিনে সৈকতজুড়ে মানুষের উচ্ছ্বাস, শিশুদের আনন্দ আর ঢেউয়ের গর্জন এক ভিন্নরকম পরিবেশ তৈরি করেছে। এমন পরিবেশে সময় কাটাতে পেরে সত্যিই ভালো লাগছে।

পর্যটনকর্মী জনি আলমগীর বলেন, সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। উত্তাল ঢেউ আর মনোরম আবহাওয়া উপভোগ করতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। পর্যটকদের এমন প্রাণবন্ত উপস্থিতিতে কুয়াকাটা আবারও মুখর হয়ে উঠেছে।

কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ইন্সপেক্টর মো. নাজমুল আহসান জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি পর্যটকদের নিরাপদ স্থানে অবস্থান করে সমুদ্রে নামার জন্য বারবার মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights