সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এপিএসের গালে চড় মারলেন সাবেক হুইপ!

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে তার এপিএসের গালে চড় মেরেছেন সাবেক হুইপ মিজানুর রহমান মানু।

বুধবার দিনাজপুর-৪ আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্ব মুহূর্তে চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পরে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (চিরিরবন্দর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মনোনয়ন ফরম জমা দেন। এর আগে চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ হয়।

এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মিজানুর রহমান মানু। তার বক্তব্যের সময় পিছন থেকে কিছু একটা বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এপিএস সালাউদ্দিন। এসময় পিছনে ঘুরে সাবেক হুইপ মিজানুর রহমান মানু তার গালে চড় মারেন। সঙ্গে সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি পরিস্থিতি সামলে নেন।

বিষয়টি স্বীকার করে সাবেক হুইপ মিজানুর রহমান মানু জানান, আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দিচ্ছিলাম। এ সময় পিছন থেকে আমাকে অহেতুক কথাবার্তা বলেন তিনি। তাই তার গালে আস্তে একটা চড় মারি। এর বেশি কিছু না।

এ ব্যাপারে এপিএস সালাউদ্দিন জানান, তেমন কিছু হয়নি। উনি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলেন। পরে সরি বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights