সাবেক যুগ্মসচিব ধনঞ্জয়ের সম্পদ ক্রোক-অবরুদ্ধের আদেশ

অনলাইন ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের একটি জমি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

শনিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম গত ১৫ অক্টোবর এ বিষয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৮২৬ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে ১৪টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৯০ টাকা লেনদেনের তথ্য উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, আসামি যেকোনো সময় সম্পদ অন্যত্র বিক্রি বা হস্তান্তর করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। এতে বিচার শেষে সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব না হলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হতে পারে। এ কারণে ঢাকার নন্দীপাড়া-৫ মৌজায় তার নামে থাকা ০.৭৯৬ শতাংশ জমি ক্রোকের আবেদন করা হয়।

এছাড়া সিটি ব্যাংকের প্রিন্সিপাল অফিস ও বনানী শাখা এবং এনসিসি ব্যাংকের মতিঝিল শাখায় থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করা হয়। এসব হিসাবে দেশি ও বিদেশি মুদ্রায় জমা অর্থের বিবরণ আবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights