সারাদেশের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
অনলাইন ডেস্ক
সারাদেশে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার কথা জানায় সংস্থাটি। রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ের মধ্যে কখনো তাপমাত্রা বাড়বে, কখনো অপরিবর্তিত থাকতে পারে।
এ সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামীকাল সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনে কমতে পারে। পরদিন বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের সামান্য কমতে পারে। বর্ধিত দিন রাতে তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এদিকে সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
