সার্ক ফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ারপারসনের দায়িত্ব নিলেন গভর্নর

অনলাইন ডেস্ক
সার্ক ফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গত ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ৪৬তম সার্ক ফাইন্যান্স গভর্নর্স গ্রুপ মিটিং থেকে আগামী এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

তিনি সার্ক ফাইন্যান্স নেটওয়ার্কের পূর্ববর্তী চেয়ার সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার কাছ থেকে সার্ক ফাইন্যান্সের চেয়ার কান্ট্রি হিসেবে দায়িত্ব নেন।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের সহকারী মুখপাত্র ও পরিচালক সাঈদা খানমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ৪৫তম সার্ক ফাইন্যান্স গভর্নর্স গ্রুপ মিটিংয়ে সার্কভুক্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অনুরোধে সার্ক ফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ার কান্ট্রি হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়ে বাংলাদেশ সম্মতি জানিয়েছিল।

রাষ্ট্র-সরকারপ্রধানদের অংশগ্রহণে ১০ম সার্ক শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সার্কভুক্ত আটটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থ সচিবদের সমন্বয়ে ১৯৯৮ সালে সার্ক ফাইন্যান্স নেটওয়ার্ক গঠিত হয়।

সামষ্টিক অর্থনীতির খাতগুলোর বিষয়ে বিভিন্ন নীতি নির্ধারণে সার্কভুক্ত দেশগুলোর অভিজ্ঞতা ও মতামত আদান-প্রদান করাই এ নেটওয়ার্কের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights