সালদানদী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশইনের চেষ্টা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে এক নারী ও তিন শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে।

রবিবার (২৬ জুলাই) সালদানদী সীমান্তের শূন্য লাইনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।

এদিকে, পুশইনের চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, তার কাছে ভারতের আধার কার্ডসহ প্রয়োজনীয় ভারতীয় কাগজপত্র রয়েছে। তবুও তাকে বাংলাদেশি দাবি করে সীমান্তে ফেলে যাওয়া হয়েছে। তিনি জানান, তার স্বামী ভারতের মুম্বাইয়ে থাকেন এবং তাকে সেখানে পৌঁছে দেওয়ার আকুতি জানান। হিন্দিতে তিনি বলতে থাকেন, “মুম্বাই মে ভেজ দো।”

বিজিবি জানায়, রবিবার এক নারী ও তিন শিশুসহ চারজন সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। সালদানদী বিওপির নিয়মিত টহল দল শূন্য লাইনের কাছে তাদের শনাক্ত করে এবং অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights