সিংড়ায় স্বাধীনতার পর প্রথমবার ১৬ কিলোমিটার সড়ক উন্নয়ন, কমবে দুর্ভোগ

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম থেকে কালীগঞ্জ পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণের কাজ চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ২৪ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর এই প্রথম সড়কটি প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে প্রকল্পটি হাতে নেওয়া হয়। সড়কটি প্রশস্ত ও উন্নত হলে স্থানীয় মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও ব্যাবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সরু সড়ক দিয়ে চলাচলে তাদের ভোগান্তি পোহাতে হয়েছে। কৃষিপ্রধান এ অঞ্চলে উৎপাদিত ফসল বাজারজাত করা, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে সড়কটি গুরুত্বপূর্ণ। উন্নয়নকাজ শেষ হলে এসব ক্ষেত্রে দুর্ভোগ কমবে।

চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাফফর বলেন, ১৯৭১ সালের পর প্রথমবার সড়কটি প্রশস্ত হচ্ছে। কাজটি শেষ হলে মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যাবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

সিংড়া উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান বলেন, সড়কটির নির্মাণকাজে ‘ওয়েট মিক্স ম্যাকাডাম’ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এ পদ্ধতিতে নির্দিষ্ট অনুপাতে খোয়া, বালি ও পানি মিশিয়ে সড়কে বিছানো হয় এবং যন্ত্রের সাহায্যে চাপ দিয়ে শক্ত করা হয়। এতে কারিগরি মান বজায় রেখে কাজ সম্পন্ন করা হলে সড়কটি টেকসই হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার মেহেদী হাসান বলেন, অনুমোদিত নকশা ও কারিগরি নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। নির্মাণের গুণগত মান নিশ্চিত করতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, সড়কটির উন্নয়ন শেষ হলে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে। পাশাপাশি কৃষি ও ব্যাবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights