সিটি করপোরেশন অনুমোদন: বগুড়ায় আনন্দ মিছিলে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় চূড়ান্ত অনুমোদন লাভ করায় আনন্দ মিছিল করেছেন বগুড়াবাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে এ মিছিলের আয়োজন করে জেলা বিএনপি।

শুক্রবার বিকালে নগরীর নবাববাড়ী রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। ব্যান্ডপার্টির বাজনার তালে তালে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেন, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

মিছিলে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবার রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলালসহ অনেকে।

গতকাল বৃহস্পতিবার নিকার-এর ১২০তম বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে দেশের ১৩তম সিটি করপোরেশন হলো বগুড়া। এ খবরে জেলাজুড়ে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীমহল প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

বগুড়া মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এইচ মিটন জানান, বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার মাধ্যমে শহরের আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হলো। এর মাধ্যমে পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, উন্নত ড্রেনেজ, সড়ক যোগাযোগ ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights