সিলেট সীমান্তে ৭৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়নের (৪৮-বিজিবি) পৃথক অভিযানে ৭৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেট ব্যাটালিয়নের (৪৮-বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, সংগ্রাম, বিছনাকান্দি, সোনারহাট, দমদমিয়া, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ এবং পাথরকোয়ারী বিওপি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি, সানগ্লাস, শীতের কম্বল, সাবান, সুপারি, সিরামিক চায়ের কাপ, গরু, গাড়ির টায়ার, শুটকি, মদ এবং বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৩৪ হাজার ২৩০ টাকা।

এ বিষয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights