সিলেটে শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: তিনজনের সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাদের সাক্ষ্যগ্রহণ করেন।

বাদী পক্ষের আইনজীবী মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার প্রধান আসামি জাকির হোসেনের ১৬৪ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সম্পৃক্ত অন্যদের সাক্ষ্যও নেওয়া হয়েছে। বিচারক ২৩ জুলাই সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

এদিকে মামলার অন্য দুই আসামি জাকির হোসেনের ভাই জয়নাল ও কালাম গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি অভিযোগ করেন, পুলিশের গাফিলতির কারণে দুই আসামি এখনো অধরা। হত্যার পর মরদেহ গুমে সহায়তাকারী জাকিরের দুই ভাইকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

প্রসঙ্গত, গত ৬ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের চার বছর বয়সি মেয়ে ফাহিমা আক্তার নিখোঁজ হয়। দুদিন পর বাড়ির পাশের পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১১ মে ফাহিমার প্রতিবেশী জাকির হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে জাকির ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে ফাহিমাকে হত্যা ও মরদেহ গুমের চেষ্টার কথা স্বীকার করে।

তদন্ত শেষে পুলিশ জাকির হোসেন ও তার ভাই জয়নাল আহমদ ও আবুল কালামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে। চার্জশিটে জাকিরের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গুমের চেষ্টা এবং দুই ভাইয়ের বিরুদ্ধে মরদেহ গুম চেষ্টায় সহায়তার অভিযোগ আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights