সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষসন্ত্রাসী ওয়াকিল হোসেন বগাকে (৪২) গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের সুযোগ নিয়ে বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে পালিয়ে গেছেন বগা।

শুক্রবার ভোরে নগরীর খুলশীর ওয়্যারলেস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীদের ছোড়া ইটপাটকেল ও ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে খুলশী থানার ওসি আবদুর রহিমসহ পুলিশের অন্তত ছয় সদস্য আহত হয়েছেন।

খুলশী থানার ওসি আবদুর রহিম বলেন, কলেজশিক্ষক পেটানোর ঘটনায় নিয়মিত মামলা হওয়ার পর আসামির বিরুদ্ধে থাকা অস্ত্র মামলার ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধের ভিত্তিতে পুলিশ অভিযানে যায়। কিন্তু আসামিরা পূর্বপরিকল্পিতভাবে রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়, সরকারি গাড়ি ভাঙচুর করে। হামলায় তিনি নিজে ও ৫-৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ওয়াকিল হোসেনসহ অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অভিযোগ রয়েছে, খুলশী, পাহাড়তলী ও আকবর শাহসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছেন ওয়াকিল হোসেন বগা। সম্প্রতি পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর এবং কলেজের অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় দায়ের করা মামলায় দুই নম্বর আসামি বগাকে ধরতেই অভিযানে নামে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights