সেই প্রেসিডেন্টের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রতিদিন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের পদত্যাগের দাবি জোরালো হতে থাকা এবং দেশে নেতৃত্ব সংকট গভীর হওয়ার মধ্যে তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল বিচার বিভাগের এক কর্মকর্তা এ ঘোষণার কথা জানিয়েছেন।
সূত্র : রয়টার্স। ইউন দেশে সামরিক আইন জারি এবং চাপের মুখে কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করার পর অভিশংসনের মুখে পড়েন। যদিও দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে বিরোধী দলের আনা অভিশংসন প্রস্তাব খারিজ হয়ে গেছে। এরপরও পদত্যাগের জন্য চাপসহ আরও নানামুখী চাপে আছেন প্রেসিডেন্ট ইউন। এসব চাপের মধ্যেই তার বিদেশ ভ্রমণ নিষিদ্ধ হলো। সামরিক আইন জারির জন্য ইউন ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, তার রাজনৈতিক ও আইনি ভাগ্য তিনি নিজের ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টির (পিপিপি) কাছে ছেড়ে দিচ্ছেন। তবে ইউন পদত্যাগ করেননি।
