সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ কর্মকর্তা

অনলাইন ডেস্ক

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় একটি নজরদারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল বোয়িং এএইচ-৬আই মডেলের। এটি সৌদি আরবের ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন ছিল। হেলিকপ্টারটি সৌদি ভূখণ্ডের নাজরান অঞ্চলে বিধ্বস্ত হয়।

তুর্কি আল-মালিকি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা দুই কর্মকর্তা নিহত হন। তবে নিহত কর্মকর্তাদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন জোটের মুখপাত্র।

ইয়েমেন সীমান্তের কাছাকাছি অবস্থিত নাজরান অঞ্চলটি সাম্প্রতিক সময়ে নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত বৃদ্ধির মধ্যে অঞ্চলটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

এর আগে শনিবার হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, নাজরান সীমান্ত এলাকায় তাদের অবস্থানের বিরুদ্ধে তৎপরতার সময় সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে হুথি বাহিনী। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি অ্যাপাচি নয়, বরং এএইচ-৬আই মডেলের নজরদারি হেলিকপ্টার। জোটের বক্তব্য অনুযায়ী, এটি শত্রুপক্ষের হামলায় নয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights