সৌদির অনুরোধের পরও ট্রাম্পের প্রত্যাখ্যান: এবার যুক্তরাষ্ট্র ছাড়াই হুথিদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি
অনলাইন ডেস্ক
ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুবার ফোন করেছিলেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
দুই মার্কিন কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানায়, গত বৃহস্পতিবার ট্রাম্পকে দুবার ফোন করেন সৌদি যুবরাজ। ফোনালাপে তিনি হুথিদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা চালানোর অনুরোধ জানান। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই মুহূর্তে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র জানিয়েছে, ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী মার্কিন বাহিনীর প্রধান মনোযোগ এখন ইরান ও হরমুজ প্রণালীর নিরাপত্তায়। মধ্যপ্রাচ্যে নতুন কোনো সামরিক ফ্রন্ট খুলতে চায় না ওয়াশিংটন।
এর আগে জুলাইয়ে রয়টার্স জানিয়েছিল, লোহিত সাগরে হুথিদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষায় আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা করছে সৌদি আরব।
এদিকে লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালিতে উত্তেজনা বাড়ায় হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর কথা ভাবছে সৌদি আরব। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা ছাড়াই রিয়াদ এই অভিযান চালাতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ। তবে সৌদি আরব এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যুক্তরাষ্ট্রও আপাতত হুথিদের ওপর সরাসরি হামলা চালানোর পরিকল্পনা করছে না।
দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, হুথিদের বিরুদ্ধে বড় সামরিক অভিযান চালাতে তারা প্রস্তুত। ওয়াশিংটন বর্তমানে রিয়াদকে গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু শনাক্তকরণে সহায়তা দিচ্ছে।
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, লোহিত সাগরে নৌচলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বার্থ। তবে আঞ্চলিক নিরাপত্তা সংকট মোকাবিলায় সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোকে নেতৃত্ব দিতে চায় ওয়াশিংটন।
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হুথিদের হামলা আরও বাড়লে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, সৌদি সংশ্লিষ্ট জাহাজে হুথিদের হামলা বাড়ায় পুরো অঞ্চলে জাহাজ চলাচলের ঝুঁকি বেড়েছে। বিশেষ করে বাব আল মানদেব প্রণালি দিয়ে বাণিজ্যিক নৌচলাচল বন্ধ বা ব্যাহত হলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে।
সূত্র: এবিসি
