স্কটল্যান্ডকে হারালেন নিগাররা
ক্রীড়া প্রতিবেদক
মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালাই করে নিচ্ছেন নিগার সুলতানা, সোবহানা মুস্তারি, ফারজানা হক পিঙ্কি, রিতু মণি, মারুফা আক্তাররা। ৯ এপ্রিল ছয় দলের নারী বিশ্বকাপ বাছাইপর্ব শুরু। বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল। প্রতিপক্ষ থাইল্যান্ড। থাই নারী দলের বিপক্ষে টি-২০ ম্যাচ খেললেও নিগাররা কখনো ওয়ানডে খেলেননি। থাইল্যান্ডের বিপক্ষে মূল মঞ্চে নামার আগে গতকাল স্কটল্যান্ড নারী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ৮ তারিখ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবেন নিগাররা। লাহোর ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে গতকাল স্কটিশদের বিপক্ষে বিগ স্কোরিং ম্যাচে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। নিগার বাহিনীর তখনো ৫১ বল বাকি ছিল। প্রথম ব্যাটিংয়ে স্কটিশ নারী দল ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান করে। দলটির পক্ষে সর্বোচ্চ সারাহ ব্রুইস ৫১ রান করেন। ডারসি কার্টার ৫৫, ক্যাথারিন ফ্রেজার অপরাজিত ৫২, ক্যাথারিটন ব্রাইস ৩১ রান করেন। নিগার বাহিনীর পক্ষে রিতু ২২ রানে ২টি, মারুফা ২২ রানে খরচে নেন ১ উইকেট নেন। ২৫২ রানের টার্গেটে বাংলাদেশ জিতেছে ৪১.৩ ওভারে। নিগার বাহিনীকে ম্যাচ জেতাতে সোবহানা ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। এ ছাড়া ফারজানা ৪৮, রিতু ৩৪ ও ইশমা তানজিম ২৬ রান করেন। স্কটিশদের পক্ষে আবেল ৩৩ রানে ২ ও ডারসি কার্টার ৩৪ রানে ১ উইকেট নেন। নারী বিশ্বকাপের বাছাইপর্বে নিগার বাহিনীর দ্বিতীয় ম্যাচ ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। ৮ দলের নারী বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর-অক্টোবরে। ছয় দল চূড়ান্ত এবং বাকি দুটি চূড়ান্ত হবে।
