স্কাই স্পোর্টসে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার, ক্ষুব্ধ পিসিবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে দীর্ঘদিন কারাগারে বন্দি রাখা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে চলমান বিতর্ক এবার সরাসরি জড়িয়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের লর্ডস টেস্ট চলাকালে স্কাই স্পোর্টসে ইমরান খানের দুই ছেলে সুলেইমান খান ও কাশিম খানের একটি সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে পিসিবি।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো, দ্য গার্ডিয়ানসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিষয়টি নিয়ে স্কাই স্পোর্টসের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ইমরানের দুই ছেলের সাক্ষাৎকারটি নিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাইয়ের সম্প্রচারক মাইকেল আথারটন। বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতির সময় ১৮ মিনিটের সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সেখানে বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সুলেইমান ও কাশিম।
ইমরান খানের দুই ছেলে সুলেইমান খান ও কাশিম খানের সাক্ষাৎকার নিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটন। সংগৃহীত ছবি
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক, পরবর্তী সময়ে রাজনীতিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে দেশ-বিদেশে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে গত রোববার পাকিস্তান সরকারকে চিঠি লেখেন বিভিন্ন দেশের ২১ সাবেক অধিনায়ক। ছয় মাসের ব্যবধানে এটি ছিল তাদের দ্বিতীয় চিঠি। সেই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন আথারটনও।
তবে শুধু চিঠিতে স্বাক্ষর করেই থেমে থাকেননি সাবেক ইংলিশ অধিনায়ক। ইমরানকে নিয়ে পাকিস্তান সরকারের পদক্ষেপের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘রাষ্ট্র যেন ইমরানের অস্তিত্ব প্রায় মুছে ফেলার চেষ্টা করছে।’
ক্রিকইনফো সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সাক্ষাৎকারটি প্রচারের আগে স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করেছিল পিসিবি। অনুষ্ঠানটি প্রচার না করার জন্য তারা অনুরোধ জানায়। এমনকি সাক্ষাৎকার প্রচার করা হলে লাঞ্চের পর পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে নামবেন না—পিসিবির পক্ষ থেকে এমন হুমকিও দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এ কারণে সাক্ষাৎকারটি প্রচারে কিছুটা বিলম্ব হয়। তবে শেষ পর্যন্ত ১৮ মিনিটের সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই স্পোর্টস। যদিও পিসিবির অভিযোগ নিয়ে স্কাই স্পোর্টসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। পাকিস্তানি ক্রিকেটাররাও দ্বিতীয় সেশনে নির্ধারিত সময়েই মাঠে নামেন।
আথারটন গত বুধবার সকালে লর্ডসের রাইটার্স রুমে সুলেইমান ও কাশিমের সাক্ষাৎকার নেন। টেস্ট শুরুর আগে সাক্ষাৎকারটির একটি টিজারও প্রচার করেছিল স্কাই স্পোর্টস। পাকিস্তানে সিরিজটির সম্প্রচার করছে পিটিভি। তবে স্বাভাবিকভাবেই ইমরানের ছেলেদের ওই সাক্ষাৎকারটি তারা প্রচার করেনি।
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে পাকিস্তানের সরকার ও বিরোধী দলের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। সাবেক প্রধানমন্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত না করা এবং তার ব্যক্তিগত চিকিৎসকদের তার কাছে যেতে না দেওয়ার অভিযোগে সরকারের সমালোচনা করে আসছে বিরোধী দল। এ বিষয়ে স্বচ্ছতার অভাবেরও অভিযোগ রয়েছে তাদের। তবে সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন তিনি। দুর্নীতির অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে এসব অভিযোগ ইমরান খান ও তার দল অস্বীকার করে আসছে।
পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার ও অলরাউন্ডার হিসেবে তাকে বিবেচনা করা হয়। পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবেও তার অবস্থান অনন্য।
১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে বিদায়ের দ্বারপ্রান্ত থেকে পাকিস্তানকে ঘুরে দাঁড় করিয়ে শিরোপা জিতিয়েছিলেন ইমরান। তার নেতৃত্বে পাওয়া সেই বিশ্বকাপ জয় এখনো ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় রূপকথা হয়ে আছে।
সূত্র: গার্ডিয়ান, ক্রিকইনফো
