স্কালোনির বড় দুশ্চিন্তা মায়ামির আবহাওয়া

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের নকআউট পর্বে আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম চমক কেপ ভার্দে।

তবে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে প্রতিপক্ষকে ঘিরে যতটা না আলোচনা, তার চেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছে মায়ামির আবহাওয়া। ম্যাচের সময় তীব্র গরম, উচ্চমাত্রার আর্দ্রতা এবং ঝড়ের সম্ভাবনার পূর্বাভাস রয়েছে, যা দুই দলের খেলোয়াড়দের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এমন প্রতিকূল আবহাওয়া খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, ম্যাচের গতি এবং কৌশলগত পরিকল্পনায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ফলে কেপ ভার্দের বিপক্ষে মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রকৃতির সঙ্গেও কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনা ৯ পয়েন্ট নিয়ে দাপটের সাথে নকআউট নিশ্চিত করেছে।

আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর, শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে নিয়েছেন স্কালোনি। তার লক্ষ্য এখন টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা।

অন্যদিকে, এবারের বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিয়েই তাক লাগিয়ে দিয়েছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী দলের গ্রুপে থেকেও তিনটি ম্যাচ ড্র করে ৩ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে উঠেছে দলটি। রক্ষণাত্মক কৌশলে বিশ্বমঞ্চে টিকে থাকা কেপ ভার্দে আর্জেন্টিনাকে বড় পরীক্ষা নেওয়ার অপেক্ষায় রয়েছে।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনা পেয়েছে তুলনামূলক সহজ ড্র। এই ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও মিশরের মধ্যকার বিজয়ী দলের সাথে। তবে সেমিফাইনাল বা তার পরের ধাপগুলোতে ইংল্যান্ড কিংবা ব্রাজিলের মতো বাঘা প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights