স্টারলিংক ব্যবহার করে মানুষ হত্যা করেছে ইউক্রেন? অভিযোগ মাস্কের
অনলাইন ডেস্ক
ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের গতি কমিয়েছিল স্পেসএক্স। শনিবার এ কথা স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্টারলিংক ও এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের সংযোগ আগের গতিতে ফিরেছে বলে জানান।
এক্সে দেওয়া পোস্টে মাস্ক অভিযোগ করেন, ইউক্রেনের সামরিক বাহিনী স্টারলিংকের সেবার শর্ত ভেঙে মানুষ হত্যার উদ্দেশ্যে আক্রমণাত্মক ড্রোন হামলায় এটি ব্যবহার করেছে। বেসামরিক বাণিজ্যিক সেবাটি এমন কাজে ব্যবহারের অনুমতি কখনো ছিল না বলে দাবি করেন তিনি। মাস্কের ভাষ্য, গত সপ্তাহে ওই ব্যবহারের সুযোগ বন্ধ করা হয়েছে।
তবে স্টারশিল্ডে যেসব পরিবর্তন হয়েছে, সেগুলোর নিয়ন্ত্রণ মার্কিন সরকারের হাতে বলে দাবি করেন স্পেসএক্সের এই উদ্যোক্তা। ইউক্রেনের ড্রোন পরিচালনা ও যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সামরিক মানের এই ইন্টারনেট ব্যবস্থা।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক্সে জানান, শুক্রবার রাত থেকে সংযোগের গতি পুনরুদ্ধার শুরু হয় এবং শনিবার সকাল নাগাদ প্রয়োজনীয় পর্যায়ে পৌঁছায়। এতে সম্মুখসারিতে রসদ সরবরাহ ও রাশিয়ার জেটচালিত শাহেদ ড্রোন প্রতিরোধে উন্নতি হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা এই অগ্রগতির জন্য জেলেনস্কির কূটনৈতিক তৎপরতাকে কৃতিত্ব দিয়েছেন। এর আগে সামরিক কমান্ডাররা বিধিনিষেধের কারণে ড্রোন হারানো ও অভিযান ব্যাহত হওয়ার কথা জানিয়েছিলেন।
গতি কমানোর নির্দেশ কে দিয়েছিলেন, তা নিয়ে মার্কিন প্রশাসনের বক্তব্যে ভিন্নতা রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন এবং মাস্ককেও দায়ী না করতে বলেছেন।
অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মাস্কের সঙ্গে হোয়াইট হাউসের সমন্বয়ের ইঙ্গিত দিয়েছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রশাসনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।
যুদ্ধ বন্ধে নতুন মার্কিন কূটনৈতিক উদ্যোগের মধ্যে ইউক্রেনে স্টারলিংকের সংযোগের গতি ফিরল। আগামী মাসে ওয়াশিংটন ও কিয়েভের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে বুধবার সম্মত হয়েছে রাশিয়া। শুক্রবার খেরসনের রুশ অধিকৃত ওলেশকি শহর ঘিরে স্থানীয় যুদ্ধবিরতিতেও সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া।
