স্ত্রীকে তালাক দেওয়ায় স্বামীকে অপহরণের অভিযোগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকের কারবার থেকে বিরত রাখতে স্ত্রীকে তালাক দেয়ায় ঘটনার জের ধরে স্বামীকে অপহরণের অভিযোগ উঠেছে। একই সাথে স্বামীর পরিবারের সদস্যদের উপড়ও হামলার ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আড়াইহাজারের বালিয়াপাড়া এলাকার কামালের স্ত্রী শেফালী দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে অভিযোগ পরিবারের। তিনি নিজে বাংলা মদ তৈরি করে বিক্রি করতেন এবং স্থানীয় মাদকসেবীদের নিয়ে একটি চক্র গড়ে তুলেছিলেন। মাদকের কারবার থেকে স্ত্রীকে বিরত রাখতে কামাল একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন।
ভুক্তভোগীর পরিবার জানায়, বিষয়টির কোনো সুরাহা করতে না পেরে গত ২৭ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে শেফালীকে তালাক দেন কামাল। এর জেরে গত ৩০ সেপ্টেম্বর শেফালী কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে একটি মাইক্রোবাসে করে বালিয়াপাড়া বাজার থেকে কামালকে তুলে নিয়ে যান। এরপর থেকে কামালের সন্ধান পাওয়া যাচ্ছিল না।
এরই মধ্যে গত ১ অক্টোবর তার পরিবারের সদস্যরা শেফালীর বাড়িতে যান। এ সময় শেফালী মোবাইল ফোনে তার সহযোগীদের ডেকে আনেন। পরে তারা কামালের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। হামলায় কামালের বড় ভাই মোস্তফা, তার স্ত্রী রাহিমা ও মেয়ে শিউলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, মারধরের ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। তবে অপহরণের কোনো অভিযোগ করা হয়নি। মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
