স্পেনের সোনালি অধ্যায়: পাঁচ বছরে ১৬ শিরোপা

স্পোর্টস ডেস্ক

ইউরোপ থেকে বিশ্বমঞ্চ—ছেলে কিংবা মেয়েদের ফুটবল, সিনিয়র অথবা বয়সভিত্তিক দল, সব ক্ষেত্রেই যেন স্পেনের রাজত্ব। সর্বশেষ ২০২৬ ফিফা বিশ্বকাপ জিতে গত পাঁচ বছরে মোট ১৬টি আন্তর্জাতিক ও ইউরোপীয় শিরোপা নিজেদের করে নিয়েছে স্প্যানিশ ফুটবল।

নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। এর আগে ২০২৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর বিশ্বকাপ জিতে ২০০৮-২০১০ সময়ের সাফল্যের পুনরাবৃত্তি করল ‘লা রোজা’।

স্পেনের আধিপত্য শুধু পুরুষ ফুটবলে সীমাবদ্ধ নয়। ২০২৩ সালে সিডনিতে ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপ জয়ের পর একই সময়ে পুরুষ ও নারী, দুই বিভাগের বিশ্বচ্যাম্পিয়ন হওয়া প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়ে স্পেন।

গত পাঁচ বছরে নারী ফুটবলে সবচেয়ে বেশি সাফল্য এসেছে। ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে নারী দলগুলো জিতেছে ১১টি শিরোপা। এর মধ্যে রয়েছে একটি বিশ্বকাপ, দুটি নেশন্স লিগ, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং টানা পাঁচটি অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

অন্যদিকে, পুরুষ ফুটবলে এসেছে পাঁচটি বড় শিরোপা। সিনিয়র দল জিতেছে বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও নেশন্স লিগ। এছাড়া ২০২৪ প্যারিস অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দল জিতেছে ফুটবলের স্বর্ণপদক এবং ২০২৬ সালে অনূর্ধ্ব-১৯ দল জিতেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

২০২২ সালের ডিসেম্বরে স্পেনের কোচ হিসেবে দায়িত্ব নেন লুইস দে লা ফুয়েন্তে। কাতার বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায়ের পর লুইস এনরিকের স্থলাভিষিক্ত হওয়া এই কোচকে নিয়ে শুরুতে খুব বেশি প্রত্যাশা ছিল না। তবে মাত্র কয়েক বছরের মধ্যেই তার অধীনে স্পেন জিতেছে নেশন্স লিগ, ইউরো এবং বিশ্বকাপ।

বিবিসি স্পোর্টকে স্প্যানিশ ফুটবল বিশ্লেষক গিয়েম বালাগুই বলেন,‘এটা স্প্যানিশ ফুটবলের আধিপত্যের একটি নতুন অধ্যায়। আমাদের ফুটবল সংস্কৃতি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফল এখন স্পষ্ট। আমরা কখনও থেমে থাকি না, বরং প্রতিটি সাফল্যের পর আরও বড় লক্ষ্য নির্ধারণ করি।’

স্পেনের সাবেক মিডফিল্ডার হুয়ান মাতা মনে করেন, দে লা ফুয়েন্তের সবচেয়ে বড় শক্তি হলো বয়সভিত্তিক দল থেকেই খেলোয়াড়দের সঙ্গে তার দীর্ঘদিনের কাজ। ফলে জাতীয় দলে উঠে আসার পরও তাদের মধ্যে বোঝাপড়া ও ঐক্য অটুট থাকে।

বর্তমানে সব প্রতিযোগিতা মিলিয়ে স্পেন টানা ৩৮ ম্যাচ অপরাজিত, যা ইউরোপীয় ও দক্ষিণ আমেরিকার যেকোনো দলের মধ্যে নতুন রেকর্ড।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights