শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি ১৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সাপটির ওজন আনুমানিক ৩৫ কেজি।
মঙ্গলবার শহরের মৌলভীবাজার সড়কের ৫ নম্বর পুল এলাকায় বন্ধন কমিউনিটি সেন্টারের পাশ থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটি উদ্ধার করেন। পরে সেটি স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, সকালে বন্ধন কমিউনিটি সেন্টারের পাশ দিয়ে যাওয়ার সময় ওই এলাকার ওয়াসিম মিয়া অজগর সাপটি দেখতে পান। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে সাপটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে। এত বড় সাপ দেখে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় কিছু মানুষ সাপটিকে মেরে ফেলতে চাইলে সচেতন কয়েকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, খবর পেয়ে রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাসকে সঙ্গে নিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩৫ কেজি।
তিনি বলেন, সাপ আমাদের পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে কোনো সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটির ক্ষতি না করে উদ্ধারকারী সংস্থাকে খবর দিন।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, উদ্ধার করা অজগর সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।
