স্বর্ণ ছিনতাইয়ের মামলায় পুলিশ সদস্যের রিমান্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের মামলায় গ্রেফতারকৃত পুলিশের কনস্টেবল জাকির হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আজ মঙ্গলবার শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত পুলিশ সদস্য জাকির হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির অধীনে অফিসার্স মেসে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামে।

এর আগে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, গত ৮ আগস্ট বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালীনগর এলাকায় অভিযানের নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি স্বর্ণ নিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে জাকির হোসেন ও মোহাম্মদ আলীসহ আরও একজনের বিরুদ্ধে। পরে গত শনিবার (১২ সেপ্টেম্বর) সদর থানায় তাদের তিনজনের নামে মামলা দায়ের করা হয়। খোয়া যাওয়া স্বর্ণের মালিক রাজশাহীর স্বর্ণ ব্যবসায়ী নিঝুম মামলাটি দায়ের করেন। এরপর শনিবার রাতেই জাকির ও মোহাম্মদ আলীকে গ্রেফতার করে পুলিশ এবং মোহাম্মদ আলীর কাছ থেকে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। বাকি স্বর্ণ পুলিশ কনস্টেবল জাকির হোসেনকে দেওয়া হয় বলে পুলিশকে জানায় মোহাম্মদ আলী। তবে এখনো সেই স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে একটি সূত্র জানিয়েছে, রাজশাহী থেকে ৪০ ভরি গলানো স্বর্ণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। স্বর্ণগুলো ভারতে পাচার করা হতো বলে ধারণা পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights