স্বামী হত্যার বিচার চান অনিন্দিতা সাংমা
নেত্রকোনা প্রতিনিধি
স্বামী হত্যার বিচার চেয়েছেন নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী অনিন্দিতা সাংমা। তিনি বলেন, আমার স্বামীকে আর ফিরে পাবো না। আমার সন্তানরা তাদের বাবাকে পাবে না। আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
শনিবার সন্ধ্যায় ব্যারিস্টার কায়সার কামালের প্রতিনিধিরা পরিবারের খোঁজ নিতে অনিন্দিতার বাবার বাড়িতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় অনিন্দিতা ও তার দুই সন্তানের জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা ও পোশাক উপহার দেওয়া হয়।
তথন কান্নাজড়িত কণ্ঠে অনিন্দিতা বলেন, তার চার বছর বয়সী মেয়ে বাবাকে খোঁজে। ছোট ছেলেটিও বড় হয়ে বাবার কথা জানতে চাইবে। কিন্তু বাবা আর কখনো ফিরে আসবেন না। তাই তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চূড়ান্ত বিচার ও ফাঁসি দাবি করেন।
স্বামীর হত্যাকাণ্ডের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অনিয়ম নিয়ে তার পোস্ট এবং হুমকি পাওয়ার কথাও উল্লেখ করেন অনিন্দিতা। সম্প্রতি কেউ আলিফকে একটি ভিডিও মুছে ফেলার জন্য হুমকি দিচ্ছিলেন বলে বলে স্বামীর ফোনালাপ থেকে শুনেছেন তিনি। তবে কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত করে কাউকে দায়ী করেননি।
অনিন্দিতা জানান, তিনি বিএসসি নার্সিং সম্পন্ন করেছেন এবং একজন নিবন্ধিত নার্স। দুই সন্তানকে লালন-পালনের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে ডেপুটি স্পিকারের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্তরাইল এলাকায় তেলনজিয়া গ্রামে একটি চা দোকানের সামনে গুলি করা হয় সাংবাদিক আলিফকে।
