হরমুজ প্রণালি নিয়ে চুক্তি সন্নিকটে, তবে পথ খুলতে শর্ত জুড়ে দিল ইরান

অনলাইন ডেস্ক

কৌশলগত হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছেছে ইরান। তবে বাণিজ্যিকভাবে এই প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করাসহ বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে তেহরান।

এদিকে, চুক্তির এমন ইতিবাচক খবরের মাঝেই উত্তেজনার পারদ চড়িয়েছে নতুন এক হামলা। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, শনিবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় তাদের রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি জাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে কেউ হতাহত না হলেও পরিস্থিতি নতুন করে ঘোলাটে হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে ওমান-ইরান চুক্তি হলেই যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে।

গত ২৮ ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি হামলার পর থেকে শুরু হওয়া এই সংঘাত মেটাতে চুক্তিটি অত্যন্ত জরুরি। রয়টার্সের সূত্রমতে, প্রস্তাবিত চুক্তিতে উপসাগরে প্রবেশকারী জাহাজের ওপর তেহরানকে নিয়ন্ত্রণ দেওয়ার মতো বিশাল ছাড়ের ইঙ্গিত রয়েছে, যা আগে যুক্তরাষ্ট্র মানতে নারাজ ছিল।

তবে ইরানের রেভল্যুশনারি গার্ডস স্পষ্ট জানিয়েছে, প্রণালি খোলার বিষয়টি ওয়াশিংটনের শর্ত মানার ওপরই নির্ভর করছে। সংঘাত শুরুর পর থেকে প্রণালিতে ইরানের টোল আদায় ও হামলার কারণে বিশ্বে জ্বালানির দাম লাফিয়ে বেড়েছে।

আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি জানিয়েছে, এখন পর্যন্ত তাদের ১৫টি জাহাজে হামলায় একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। পাশাপাশি লোহিত সাগরেও ইয়েমেনের মিত্র হুতিরা সমান্তরাল হামলা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights