হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দুই মাসে সর্বনিম্ন, সচল রয়েছে বাব আল মান্দেব

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। শিপট্র্যাকিং ডেটা বা জাহাজ চলাচলের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার মাত্র একটি ট্যাংকার সফলভাবে হরমুজ প্রণালি পার হতে পেরেছে। গত ৭ মে-এর পর এটিই প্রণালি পার হওয়া ট্যাংকারের সর্বনিম্ন সংখ্যা।

কেপলারের দেওয়া তথ্যমতে, ‘নিউ জায়ান্ট’ নামের অপরিশোধিত তেলবাহী ওই ট্যাংকারটি বৃহস্পতিবার হরমুজ প্রণালি থেকে বের হয়। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এটি চীনের রিঝাও বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে, ২৩ জুলাই কোনো জাহাজই হরমুজ প্রণালিতে প্রবেশ করেনি।

হরমুজ প্রণালিতে এমন স্থবিরতা থাকলেও ‘বাব আল মান্দেব প্রণালি’র চিত্র কিছুটা ভিন্ন। তথ্য বলছে, ২৩ জুলাই এই জলপথ দিয়ে ৩২টি ট্যাংকার পার হয়েছে, যা এর আগের দিন ছিল ২৬টি।

এদিকে, এলএসইজির ডেটা অনুযায়ী, সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে চীনের দুটি সুপারট্যাংকার সফলভাবে বাব আল মান্দেব প্রণালি পার হয়েছে। ইয়েমেনের হুতিরা এই জলপথে সৌদি তেলের চালানের ওপর অবরোধ ঘোষণার পর ট্যাংকারগুলোর দিকে সবার কড়া নজর ছিল।

বৃহস্পতিবার সফলভাবে প্রণালি পার হওয়া ওই জাহাজ দুটি হলো—সিঙ্গাপুরের পতাকাবাহী ‘শিন লং ইয়াং’ এবং চীনের পতাকাবাহী ‘কসনিউ লেক’। এলএসইজির তথ্যে আরও জানা যায়, চলতি সপ্তাহের শুরুতে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জাহাজ দুটিতে তেল তোলা হয়। সেগুলোতে যে চীনা নাবিকরা রয়েছেন, তা জাহাজ দুটির ট্রান্সমিটারের মাধ্যমে আগেই স্পষ্ট করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights