বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তার চান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তা
অনলাইন ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক শীর্ষ কর্মকর্তা। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সম্প্রতি নেতানিয়াহু এলে তাকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার তার সে কথারই প্রতিধ্বনি করল আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি।
অ্যামনেস্টির গবেষণা, অ্যাডভোকেসি, পলিসি ও ক্যাম্পেইন বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের উচিত মানবাধিকার সমুন্নত রাখা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখানো।
এর আগে নিউইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। তার প্রশাসনের আইন বিভাগ বিষয়টি সক্রিয়ভাবে পর্যালোচনা করছে। মামদানির স্পষ্ট কথা, ‘আমি বিশ্বাস করি, নেতানিয়াহুর স্থান দ্য হেগে। তিনি একজন যুদ্ধাপরাধী।’
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের গণহত্যা চলাকালে যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।
তবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এই পরোয়ানার তীব্র নিন্দা জানিয়েছিলেন। মেয়র মামদানির সাম্প্রতিক বক্তব্যকেও ‘নিছক রাজনৈতিক নাটক’ বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। কারণ, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়।
অন্যদিকে, নেতানিয়াহু জানিয়েছেন মামদানির এই গ্রেপ্তার-হুমকি নিয়ে তিনি একেবারেই উদ্বিগ্ন নন। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননও নিশ্চিত করেছেন, নেতানিয়াহু নিউইয়র্কে আসবেন এবং গর্বের সঙ্গে সাধারণ পরিষদে ভাষণ দিয়ে ইসরায়েলের সত্য ও আত্মরক্ষার অধিকার তুলে ধরবেন।
